সীমান্তে উদ্ধার সেই নীলগাইটি এখন বঙ্গবন্ধু সাফারি পার্কে

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বিরল প্রজাতির একটি নীলগাই হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে বিজিবি’র ঢাকা সেক্টরের কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন সাফারি পার্কের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক ছানাউল্যার কাছে নীলগাইটি হস্তান্তর করেন।

এসময় বিজিবি’র পরিচালক (ভেটেরিনারি) আ.ন.ম. আশরাফুল আলম মন্ডলসহ বিজিবি’র অন্যান্য কর্মকর্তারা এবং বন অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত বছরের ২৬ অক্টোবর বিজিবি’র রহনপুর ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) সোনামসজিদ বিওপি’র টহলদল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুর ইউনিয়নের সীমান্তবর্তী হাউজনগর এলাকা থেকে আহত অবস্থায় ওই নীলগাইটিকে উদ্ধার করে। এলাকাবাসীর ধাওয়া খেয়ে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করার কারণে নীলগাইটির শরীরে মারাত্মক জখম হয় এবং দীর্ঘক্ষণ না খেয়ে থাকায় অত্যন্ত দুর্বল ও মৃতপ্রায় হয়ে পড়ে।

পরে সংবেদনশীল ও বিরল প্রজাতির এই প্রাণীটিকে উদ্ধার করে বিজিবি’র তত্ত্বাবধানে দীর্ঘ দুই মাস আট দিন ধরে নিজস্ব ভেটেরিনারি ডাক্তার কর্তৃক সুচিকিৎসা প্রদান, প্রয়োজনীয় খাবার ও বাসস্থানের ব্যবস্থা করে অত্যন্ত নিবিড় পরিচর্যার মাধ্যমে সুস্থ করে তোলা হয়। বিরল প্রজাতির এই প্রাণীটিকে জাতীয়ভাবে সংরক্ষণের জন্য বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করা হয়।

এর আগে ২০২১ সালে ঠাকুরগাঁওয়ের কান্তিভিটা এলাকায় স্থানীয়দের নির্মমতার শিকার মৃত প্রায় একটি পুরুষ নীলগাই উদ্ধার করে বিজিবি সদস্যরা বিওপিতে নিয়ে আসে। পরে চিকিৎসা ও নিবিড় পরিচর্যার মাধ্যমে বিরল এ প্রাণীটিকে সুস্থ্য করে তোলে। এছাড়া গত ৬ জানুয়ারি ২০২২ তারিখে দিনাজপুর ব্যাটালিয়নের বৈরচূনা বিওপি’র টহলদল আহত অবস্থায় আরও একটি নীলগাই উদ্ধার করে চিকিৎসা প্রদান ও নিবিড় পরিচর্যার মাধ্যমে সেটিকেও সুস্থ্য করে তোলে। পরে নীলগাই দু’টিকে ঢাকায় এনে পিলখানাস্থ অভয়ারণ্যে সবুজ প্রকৃতির মাঝে আশ্রয় প্রদান করা হয়েছে।

আরও পড়ুন:

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিরল প্রজাতির নীলগাই উদ্ধার