আদালত সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে: অ্যাটর্নি জেনারেল

আদালত আইনের মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

রবিবার (৮ জানুয়ারি) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদের জামিন বহাল থাকার পর নিজ কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি নেতাদের জামিন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘ম্যাজিস্ট্রেট জামিনের আবেদন রিজেক্ট করার পর ওনারা (বিএনপির দুই নেতা) দায়রা জজ আদালতে আবেদন করেন। সেখানে জামিন চাইলেন। আদালত সেটি শুনানির জন্য ২৬ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন। এর মধ্যে অন্তর্বর্তীকালীন একটা আবেদন করেন। সে আবেদন খারিজ হয়। সে খারিজ আদেশের বিরুদ্ধে তারা হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট আবেদন গ্রহণ করেন এবং তাদের জামিন দেন। হাইকোর্টের জামিনাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে আপিল বিভাগে আবেদন করি।’

তিনি বলেন, ‘আমাদের বক্তব্য ছিল— এটা নিয়ে ১০ ডিএলআর থেকে রায় আছে। জামিনের বিষয়ে প্রথমে যেতে হবে দায়রা জজ আদালতে। ওখানে আদেশ হওয়ার পর হাইকোর্ট বিভাগে। সে কথাই (যুক্তি) ছিল আমাদের। আপিল বিভাগ আমাদের কথা গ্রহণ করে হাইকোর্ট বিভাগকে এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।’

আদালতের ওপর হস্তক্ষেপের বিষয়ে বিএনপি নেতাদের অভিযোগের জবাবে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেন, ‘আজকে কী প্রমাণ হলো? আজকে আদালত আমাদের সাবমিশন গ্রহণ করেছেন। কিন্তু ওনাদের জামিন দিলেন। আজকে ওনারা কী বলতে চাচ্ছেন? আজকে প্রশ্ন করেন। ওনারা উত্তর দিক।’

‘সরকার আদালতকে ব্যবহার করছেন’ বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘অবশ্যই না। আদালত আইনের মাধ্যমে চলছে এবং সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। আজকেই তো দেখলেন।’   

প্রসঙ্গত, রবিবার (৮ জানুয়ারি) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ। একইসঙ্গে তাদের জামিন বিষয়ে জারি করা রুল হাইকোর্টকে ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন সর্বোচ্চ আদালত। পাশাপাশি চেম্বার জজ আদালত মির্জা ফখরুল-আব্বাসের জামিননামা দাখিলে যে নিষেধাজ্ঞা দিয়েছিলেন, তা প্রত্যাহার করেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।