উভয়পক্ষকে সৌহার্দ্যপূর্ণভাবে ইজতেমা পালনের আহ্বান আইজিপির

টঙ্গীতে আসন্ন দুই দফা ইজতেমাকে কেন্দ্র করে আয়োজকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে ইজতেমা পালনের আহবান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

১৩-১৫ জানুয়ারি এবং ২০-২২ জানুয়ারি ২০২৩ দুই পর্বে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইজেতামা। অনুষ্ঠিতব্য ইজতেমার সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভায় মঙ্গলবার (১০ জানুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে এ আহ্বান জানান আইজিপি।

তিনি বলেন, ‘ইজতেমাকে কেন্দ্র করে পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী, গোয়েন্দা সংস্থা, প্রশাসন, ঢাকা ও গাজীপুর সিটি করপোরেশসনসহ সংশ্লিষ্ট সকল সরকারি দফতর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।’ সবার প্রচেষ্টায় নিরাপদে ও শান্তিপূর্ণভাবে ইজতেমা অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভায় বক্তব্যে আইজিপি ইজতেমাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। সভায় উপস্থিত তাবলিগের মুরুব্বিরা ইজতেমাকে কেন্দ্র করে নেওয়া সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা ট্রাফিক বিভাগ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা পরিকল্পনা সভায় উপস্থাপন করেন।

ইজতেমাস্থলের নিরাপত্তায় সাদা পোশাকেও পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া, বোম্ব ডিসপোজাল ইউনিট,ডগ স্কোয়াড,নৌ টহল, বিস্ফোরক দ্রব্য বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত টিম দায়িত্ব পালন করবে।

সভায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা,বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি,সংশ্লিষ্ট সরকারি দফতরের প্রতিনিধি এবং তাবলিগের মুরুব্বী উপস্থিত ছিলেন।