টঙ্গীতে বাসের ধাক্কায় স্কুল শিক্ষার্থী নিহত

গাজীপুরের টঙ্গীতে বাসের ধাক্কায় অন্তরা আক্তার (১৭) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে টঙ্গী কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

অন্তরা স্থানীয় শাহাজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী (এসএসসি পরিক্ষার্থী) ছিল। সে টঙ্গী চেরাগআলী দত্তপাড়া নাসিমুল হাসান বাবুর মেয়ে। দুই বোনের মধ্যে সে ছিল বড়। তার বাবা বায়িং হাউজে চাকরি করেন।

নিহতের ছোট বোন উমি আক্তার জানায়, অন্তরা বাসা থেকে কলেজ গেট এলাকায় গিয়েছিল। সেখানে রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে সে গুরতর আহত হয়। উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাচ্চু মিয়া বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’