তামাকবিরোধী আইন শক্তিশালী করা জরুরি: শ.ম রেজাউল করিম

তামাকজনিত মৃত্যু কমাতে বিদ্যমান তামাকবিরোধী আইন শক্তিশালী করার উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। বিদ্যমান তামাকবিরোধী আইন শক্তিশালী করার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই উদ্যোগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানান তিনি।

বুধবার (১১ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের সরকারি বাসভবনে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি-টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স-আত্মা’র একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন।

প্রজ্ঞা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় প্রজ্ঞা এবং আত্মা’র পক্ষ থেকে জানানো হয়—বর্তমানে প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ৩৫ দশমিক ৩ শতাংশ (৩ কোটি ৭৮ লাখ) তামাক ব্যবহার করে। তামাক খাত থেকে অর্জিত রাজস্ব আয়ের তুলনায় তামাক ব্যবহারজনিত মৃত্যু ও অসুস্থতায় যে আর্থিক ক্ষতি হয়, তার পরিমাণ অনেক বেশি। তামাকের এই ভয়াবহতা রোধে ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে তিনি তামাক নিয়ন্ত্রণ আইন যুগোপযোগী করার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে স্বাস্থ্য মন্ত্রণালয় আইন সংশোধনের উদ্যোগ গ্রহণ করে।

বৈঠকে ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস-এর বাংলাদেশ লিড পলিসি অ্যাডভাইজার মোস্তাফিজুর রহমান, জ্যেষ্ঠ সাংবাদিক সুকান্ত গুপ্ত অলোক, চ্যানেল এস-এর ডিরেক্টর (নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স) শংকর মৈত্র, আত্মা’র আহ্বায়ক মতুর্জা হায়দার লিটন এবং প্রজ্ঞা’র কর্মসূচি প্রধান হাসান শাহরিয়ার অংশগ্রহণ করেন।