টঙ্গীতে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে আগত মুসল্লিদের চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য জরুরি ফোন নম্বর চালু করেছে র্যাব। মুসল্লিদের চিকিৎসা সেবা পেতে জন্য +৮৮০১৭৭৭৭২০০৪৫ এই নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
তিনি বলেন, বিশ্ব ইজতেমার নিরাপত্তার পাশাপাশি মানবিক দিক বিবেচনা করে দেশ এবং দেশের বাইরে থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য ইজতেমা মাঠ সংলগ্ন এলাকায় চিকিৎসাকেন্দ্র স্থাপন করেছে র্যাব। চিকিৎসা কেন্দ্রে ইজতেমায় আসা ধর্মপ্রাণ মুসল্লিদের বিনামূল্যে চিকিৎসা সেবাসহ বিভিন্ন ওষুধ সরবরাহ করা হচ্ছে।
মুসল্লিদের জন্য প্রাথমিক চিকিৎসা সেবাসহ গুরুতর রোগীদের চিকিৎসার জন্য পোর্টেবল অক্সিজেন, নেবুলাইজার ও অন্যান্য চিকিৎসা সেবার ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা। তিনি বলেন, ‘জরুরি পরিস্থিতিতে সার্বক্ষণিক র্যাবের অ্যাম্বুলেন্স সার্ভিস ইজতেমা এলাকায় চিকিৎসা কেন্দ্রে প্রস্তুত রাখা হয়েছে।’