বাংলাদেশে শুভেচ্ছা সফরে এসেছে ভারতীয় কোস্ট গার্ডের দুইটি জাহাজ ‘আইসিজিএস সৌরিয়া’ ও ‘আইসিজিএস রাজবীর’। শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, ‘সাত দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে ভারতীয় কোস্ট গার্ডের দুটি জাহাজ। বাংলাদেশ-ভারত সমুদ্রসীমার শূন্য রেখা থেকে বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ দুটিকে স্বাগত জানায় এবং চট্টগ্রাম বহির্নোঙ্গর পর্যন্ত স্কট প্রদান করে নিয়ে আসে। শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম বহির্নোঙ্গর এলাকায় ‘বিসিজিএস শ্যামল বাংলা’ ভারতীয় জাহাজ দুটিকে স্বাগত জানায় এবং স্কর্ট প্রদান করে চট্টগ্রাম বন্দর জেটিতে নিয়ে আসে।
এসময় কোস্ট গার্ডের সুসজ্জিত বাদক দল কর্তৃক বাদ্য বাজিয়ে জাহাজ দুটিকে অভিবাদন জানানো হয়। আগমনকারী ভারতীয় জাহাজ দুটিতে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল রবীন্দ্র কুমার ও কমবিট (জেজি) ভেঙ্কটেশ্বর থাপলিওল অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
তিনি জানান, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, সাগরে অবৈধ কর্মকান্ড বন্ধে পারস্পারিক সম্পর্ক উন্নয়ন, প্রশিক্ষণ বিনিময় ও উভয় দেশের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারতীয় কোস্ট গার্ডের মধ্যকার স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী প্রতিবছর ভারত ও বাংলাদেশ পর্যায়ক্রমে কোস্ট গার্ডের জাহাজ শুভেচ্ছা সফরে গমনাগমন করে আসছে। শুভেচ্ছা সফরের অংশ হিসেবে আগমনকারী জাহাজ দুটির অধিনায়করা চট্টগ্রাম নেভাল এরিয়ার কমান্ডার ও পূর্ব জোনের জোনাল কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এছাড়াও বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যদের পেশাগত দক্ষতার বৃদ্ধি লক্ষ্যে পরিবেশ দূষণ রক্ষায় (ওয়াটার ও অয়েল) ভারতীয় কোস্টগার্ডে ভারতীয় কোস্ট গার্ড জাহাজদ্বয়ে ব্যবহৃত সরঞ্জামাদি ও কর্মপরিধির উপর একটি বিশেষ ব্যবহারিক ও তাত্ত্বিক প্রশিক্ষণ কর্মসূচি ও মতবিনিময় সেমিনার অনুষ্ঠিত হবে।
সফরকালীন সময় ভারতের জাহাজ দুটির কর্মকর্তা ও নাবিকরা চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থান পরিদর্শন করবেন। পাশাপাশি দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে একটি প্রীতি ভলিবল ও বাস্কেটবল প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে।
সফরকালীন সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ পুলিশ, বিজিবি, র্যাব, আনসারের সদস্য এবং নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম এর মনোনীত ছাত্র-ছাত্রীরা জাহাজ দুটি পরিদর্শন করবেন।
তিনি আরও বলেন, ‘এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ড তথা দুই দেশের সার্বিক সহযোগিতা ও পারস্পারিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।’