বাংলাদেশ শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতা ও নবাবগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে তিন দিনব্যাপী 'নবাবগঞ্জ সাংস্কৃতিক উৎসব ২০২০' অনুষ্ঠান শুরু হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) উদ্বোধনী দিনে নবাবগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে বিকাল ৩টায় অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি মো. মতিউর রহমান সভাপতিত্ব করেন। এতে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসকের (শিক্ষা ও আইসিটি) মমতাজ বেগম বক্তৃতা করেন।
দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা। সংগীত, নৃত্য, যাত্রা ও অ্যাক্রোবেটিক প্রদর্শনীর সমন্বয়ে পরিবেশিত হয় সাংস্কৃতিক পরিবেশনা। উপজেলা শিল্পকলা একাডেমির শিশু সংগীত দলের পরিবেশনায় 'আমরা সবাই মঞ্চকুঁড়ি', 'আমরা নতুন যৌবনের দূত’ ইয়াসমীন আলীর কোরিওগ্রাফিতে 'আর একটা বার শেখ মুজিবের জনম দে না মা' এবং লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনা ও ইয়াসমীন আলীর কোরিওগ্রাফি ‘এ মাটি নয় জঙ্গিবাদের' ও 'এ মাটি মানবতার’ শিরোনামে পরিবেশিত হয় দলীয় সংগীত।
একক সংগীত পরিবেশনায় ছিলেন সোহানুর রহমান সোহান, রোকসানা আক্তার রুপসা, বর্ণালী সরকার এবং সুস্মিতা দেবনাথ। শিল্পকলা একাডেমির বাউল দলের পরিবেশনায় বাউল সংগীত এবং অ্যাক্রোবেটিক দলের পরিবেশনায় প্রদর্শিত হয় অ্যাক্রোবেটিক শো। সমবেত নৃত্য পরিবেশন করেন নবাবগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির শিশু নৃত্যদল, শিল্পকলা একাডেমির নৃত্যদল এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী ভিক্ষা চাকমার নৃত্যদল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আব্দুল্লাহ বিপ্লব।