জানুয়ারি মাস প্রায় শেষের দিকে। মাস শেষ হলেই ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই শুরু হবে ভাষা আন্দোলনের স্মরণে বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা-২০২৩। এরইমধ্যে মেলা আয়োজনের প্রস্তুতি পর্বের কাজ শুরু করেছে বাংলা একাডেমি। প্রতিবারের মতো এবারও বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে বইমেলা। শেষ মুহুর্তে পুরোদমে চলছে বইমেলার প্রস্তুতি।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাঁশ, কাঠ, টিন দিয়ে স্টল নির্মাণের কাজে ব্যস্ত নির্মাণ শ্রমিকরা। স্টল নির্মাণের কাজ প্রায় শেষ দিকে। তবে প্যাভিলিয়নের কাজ আজকেই শুরু হয়েছে। খুব শিগগিরই প্যাভিলিয়নের কাজও শেষ হবে বলে জানিয়েছেন নির্মাণ শ্রমিকরা।
মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, প্রতিবার স্টল ও প্যাভিলিয়ন মিশ্রভাবে থাকলেও এবারের স্টল ও প্যাভিলিয়নের জন্য আলাদা সারি রয়েছে। দেখতে আগের চাইতে বেশ গোছানো মনে হচ্ছে।
আবদুল হামিদ নামে স্টল নির্মাণের কাজে যুক্ত একজন শ্রমিক জানান, আগামী ২৫-২৬ তারিখের মধ্যে সব কাজ শেষ করার নির্দেশনা আছে। এবং সে সময়ের মধ্যেই কাজ শেষ হবে। নির্মাণ কাজ শেষ হলেই প্রকাশকদের কাছে স্টল ও প্যাভিলিয়নগুলো হস্তান্তর করা হবে।
ছবি: নাসিরুল ইসলাম