রাজধানীর মিরপুর ১০ নম্বরে সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে দুই দিনব্যাপী নভোএয়ার ৩৮তম জাতীয় জুডো প্রতিযোগিতা ২০২৩। শুক্রবার (২৭ জানুয়ারি) বিকালে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন নভোএয়ার ওয়েজের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান। সভাপতি হিসেবে ছিলেন বাংলাদেশ জুডো ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুন নাহার হীরু।
এ সময় নভো এয়ারওয়েজের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে ফুটবল ক্রিকেট ভলিবল গলফসহ বিভিন্ন খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করছে নভোএয়ার। খেলাধুলা জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও মন্তব্য করেন তিনি।’
বাংলা জুডো ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুন নাহার হীরু বলেন, ‘জুডোকে জনপ্রিয় করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিত চর্চা ও প্রতিযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনে কাজ করে যাচ্ছি।’
বাংলাদেশ জুডো ফেডারেশনের সহসভাপতি এডিশনাল ডিআইজি সৈয়দা জান্নাত আরা বলেন, ‘শৃঙ্খলাই জীবন, খেলায় শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনও ঝগড়া করা যাবে না। কোনও সমস্যা হলে সংশ্লিষ্টদের অবহিত করতে হবে। খেলায় অংশ নেওয়ার জন্য সবাইকে অভিনন্দন জানান।’
প্রতিযোগিতায় অংশ নিচ্ছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার, বিকেএসপি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জেলা থেকে আসা ৩১ দলের ৩১০ জন খেলোয়াড়।
দুই দিনব্যাপী নভোএয়ার ৩৮তম জাতীয় জুডো প্রতিযোগিতা শেষ হবে ২৮ জানুয়ারি।