শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের দেশটি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নয়নশীল দেশে রূপান্তর হয়েছে। তিনি আমাদের স্বপ্ন দেখিয়েছেন— ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হবে। আর এই স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য যে মূল স্তম্ভ স্মার্ট সরকার, অর্থনীতি ও সমাজ এর সব কিছুর কেন্দ্রে রয়েছে স্মার্ট নাগরিক। সেই স্মার্ট নাগরিক গড়বার জন্যে আমরা কাজ করে যাচ্ছি বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে।
বুধবার (১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘মানবতার শেখ হাসিনা’ শীর্ষক পোস্টার উন্মোচন ও ঢাকা মেডিক্যাল কলেজের কৃতি ছাত্র-ছাত্রী ও সন্ধানী প্রতিষ্ঠাতাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে ঢাকা মেডিক্যাল কলেজ ইতিহাস সংরক্ষণ প্রকল্প।
ডা. দীপু মনি বলেন, ‘আমি আশা করি, যতই প্রতিবন্ধকতা আসুক, যত অপপ্রচার হোক, যত মিথ্যাচার হোক, আমাদের এগিয়ে যেতে হবে। অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক সোনার বাংলা গড়ে তুলতে হবে। আর আমাদের কৃতি শিক্ষার্থীরাই তাদের নেতৃত্বে সোনার বাংলা গড়ে তুলবে।’
বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসে ঢাকা মেডিক্যাল কলেজের শহীদ শিক্ষার্থীদের স্মরণ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের ভাষা আন্দোলনসহ সব অধিকার আদায়ের আন্দোলনে ঢাকা মেডিক্যাল কলেজের একটি ইতিহাস রয়েছে।’
অনুষ্ঠানে অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু ও এম আর মাহবুব রচিত ‘ঢাকা মেডিক্যাল কলেজ: সেবা-সংগ্রাম-ঐতিহ্য’ শীর্ষক বইয়ের চতুর্থ সংস্করণেরও মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
ঢাকা মেডিক্যাল কলেজ ইতিহাস সংরক্ষণ প্রকল্পের সভাপতি ও নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন— বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক আ ফ ম রুহুল হক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা পদকপ্রাপ্ত অধ্যাপক টি এ চৌধুরী, অধ্যাপক কামরুল হাসান খান, জাতীয় অধ্যাপক এ বি এম আবদুল্লাহ, জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান প্রমুখ।