দুয়ারে ঋতুরাজ বসন্ত

আবহাওয়ার চেনা রূপ বদলে যাচ্ছে। ঋতুর হিসেবে আজ শীতের শেষ দিন। হিমেল হাওয়ার মাঝে কিছু দিন ধরেই পাওয়া যাচ্ছে বসন্তের পরশ। গাছে গাছে আসতে শুরু করেছে নতুন পাতা। আগামীকাল পহেলা ফাল্গুন। দুয়ারে ঋতুরাজ বসন্ত।

মধ্যরাতে বা ভোরের বাতাসে এখনও উত্তরের হালকা শীতের আমেজ পাওয়া গেলেও আজ দুপুরের পর বইতে শুরু করেছে বসন্তের দখিনা বাতাস। অনেক এলাকায় বাতাসে আমের মুকুলের গন্ধ ছড়িয়ে আছে। পাতাঝরা গাছে এসেছে নতুন পাতা। কঙ্কালের মতো ডাল-পালা মেলে দাঁড়িয়ে থাকা গাছগুলো হয়ে উঠছে সতেজ সবুজ। এবার পাতা ঝরার দিন শেষ হতে চললো।ছবি: নাসিরুল ইসলাম

ঢাকা শহরে বড় বড় সড়ক ছাড়াও বিভিন্ন অলিগলি, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, বোটানিক্যাল গার্ডেনসহ প্রায় সব এলাকায় গাঁদা, ডালিয়া, জিনিয়া, গোলাপ, আকাশি-সাদা স্নোবল, চন্দ্রমল্লিকা, মোরগঝুঁটি, কসমস, জুঁই, চামেলি, টগর, বেলিসহ নানান প্রজাতির ফুল ফুটে থাকতে দেখা যাচ্ছে। পলাশের লাল রঙের বাহার দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অনেক এলাকায়। ঢাকার কিছু নীরব এলাকায়, বিশেষ করে গাছবেষ্টিত স্থানে সকালেই শোনা যাচ্ছে কোকিলের ডাক। এটাই বসন্তের আগমনী বার্তা। ইট-কাঠের এই শহরের প্রায় সব জায়গায় বসন্তের আমেজ লক্ষ করা যাচ্ছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, বাতাসের গতির পরিবর্তন ঘটছে। এই সময় তাপমাত্রা উঠানামা করে। আগামী দুই দিন এ কারণে তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে। বিশেষ করে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের তাপমাত্রা কিছুটা কমে যাবে। এরপর ক্রমান্বয়ে তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে তিনি জানান।329035209_744122797231461_7865376713010363211_n

আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

কুয়াশার বিষয়ে বলা হয়, শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়, সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

329552903_1552079291869775_6003949242533801969_nগত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬, রাজশাহীতে ১১ দশমিক ৮, রংপুরে ১৩, ময়মনসিংহে ১৩ দশমিক ৮, সিলেটে ১৭, চট্টগ্রামে ২১, খুলনায় ১৪ দশমিক ৬ এবং বরিশালে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।