ক্লাবের পরিত্যক্ত কক্ষ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

রাজধানীর কমলাপুর রেলওয়ে শ্রমিক ক্লাবের পরিত্যক্ত কক্ষ থেকে দীন ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

দীন ইসলামের বাড়ি চট্টগ্রামের  মিরসরাই উপজেলার মরগাং গ্রামে। তার বাবার নাম বাদশা মিয়া।

শাজাহানপুর থানার উপপরিদর্শক এসআই  আল আমিন জানান, কমলাপুর রেলওয়ে শ্রমিক ক্লাবের পরিত্যক্ত রুম থেকে অচেতন অবস্থায় দীন ইসলামকে উদ্ধার করা হয়। সোমবার দিবাগত রাত পৌনে ১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তির মানিব্যাগে পাওয়া ভোটার আইডি কার্ড থেকে তার পরিচয় শনাক্ত করা হয়।

এসআই  আল আমিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। অসুস্থ জনিত কারণে তার মৃত্যু হতে পারে।তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।’

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, দীন ইসলামের এক আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, দীন ইসলাম বিয়ে করেননি। নিজের জমিজমা বিক্রি করে ২০-২৫ বছর আগে তিনি গ্রাম থেকে ঢাকায় আসেন।