পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ পুলিশের ১৪০ জন সদস্য। তারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের এ দায়িত্ব পালনের লক্ষ্যে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ইথিয়োপিয়ান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে মালির উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন।
পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার মো. মহিদুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের নবম রোটেশনের ৭০ জন এবং পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারের নেতৃত্বে পঞ্চম রোটেশনের ৭০ জন পুলিশ সদস্য রয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা আরও হয়েছে, ‘২০১৩ সাল থেকে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের পুলিশ সদস্যরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মালির বামাকোতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। ২০১৭ সাল হতে মালির উত্তরভাগের সাহারা মরুভূমির বুকে তিম্বুক্ত রিজিয়নের গুন্দাম এলাকায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছে।’
দুর্গম ভৌগোলিক অবস্থান, প্রতিকূল আবহাওয়া এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ নিরাপত্তা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ পুলিশের সদস্যরা অত্যন্ত সাহসিকতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশ সদর দফতরের ডিআইজি মো. রুহুল আমিন এবং ওভারসিস অ্যান্ড ইউএন অপারেশনস উইংয়ের কর্মকর্তারা তাদের বিদায় জানান।