সাংবাদিক নির্যাতনের মামলায় ক্লিন সনদ পাওয়া সেই নাজিম উদ্দিন আরও একটি বিভাগীয় মামলা থেকে দায়মুক্তি পেয়েছেন। চাকরিবিধি লঙ্ঘন করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার দায় থেকে এই সরকারি কর্মকর্তাকে অব্যহতি দেওয়া হয়।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। অবশ্য বর্তমানে সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা নাজিম উদ্দিনের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অশালীন আচরণ, ক্রসফায়ারের হুমকি, নির্বাহী আদালত বসিয়ে জেল-জরিমানার হুমকি, চাকরি থেকে অব্যাহতির হুমকি, সরকারি গাড়ি ব্যবহার করে মাদক বহন ও সেবন, নিয়ম বহির্ভূতভাবে ছুটি কাটানোসহ একাধিক অভিযোগে আরও একটি বিভাগীয় মামলা চলমান রয়েছে বলে জানা গেছে।
এর আগে বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানকে নির্যাতনে অভিযুক্ত প্রশাসনের অন্য তিন কর্মকর্তার মতো তৎকালীন কুড়িগ্রাম জেলার রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) নাজিম উদ্দিনও পুরোপুরি দায়মুক্তি পেয়েছিলেন। কুড়িগ্রামের তৎকালীন জেলা প্রশাসক সুলতানা পারভীনসহ চার কর্মকর্তাকে মন্ত্রণালয় থেকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হলেও রাষ্ট্রপতির কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে তারা এই দায়মুক্তি পান।
সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে সরকারের পূর্বানুমতি ছাড়া ৬০ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের ব্যবসা পরিচালনার জন্য নাজিম উদ্দিনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। মামলায় প্রথমে লঘুদণ্ড হিসেবে তিরস্কার প্রদান করা হলেও পরবর্তী সময়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করায় পুরোপুরি দায়মুক্তি দেওয়া হয়।
গত ১৬ ফেব্রুয়ারি গেজেট আকারে প্রকাশিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, ২০২০ সালের ৯ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ে দাখিলকৃত সম্পদ বিবরণীতে নাজিম উদ্দিন সরকারের পূর্বানুমোদন ছাড়া ৬০ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন বলে তথ্য রয়েছে। বিষয়টি সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালার ১৯৭৯ এর ১৭ (১) বিধির পরিপন্থী এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩ (খ) বিধি মোতাবেক ‘অসদাচরণ' এর পর্যায়ভুক্ত শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় ১৩ আগস্ট ২০২০ তারিখে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়। ওই মামলার তদন্তে তার বিরুদ্ধে আনা ‘অসদাচরণ' এর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। পরে সামগ্রিক বিচারে তাকে লঘুদণ্ড ‘তিরস্কার' প্রদান করা হয়। পরে নাজিম উদ্দিন ওই দণ্ডাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে আপিল করেন। পরে রাষ্ট্রপতি অভিযুক্ত কর্মকর্তার চাকরির বয়স বিবেচনা করে আপিল আবেদন মঞ্জুর করে তিরস্কার সূচক লঘুদণ্ড বাতিল করেন। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১৮ জুলাই ২০২২ তারিখের নম্বর প্রজ্ঞাপনটি বাতিল করে তাকে অভিযোগের দায় হতে অব্যাহতি প্রদান করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়।
আরও পড়ুন:
অবাধ্য হলে এখনও ক্রসফায়ারের হুমকি দেন নাজিম উদ্দিন
প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় আরডিসি নাজিম সাময়িক বরখাস্ত
কক্সবাজারে অপকর্মে হাত পাকিয়ে এখন কুড়িগ্রামে সেই আরডিসি নাজিম
ম্যাজিস্ট্রেট হওয়ার পর দিনবদল শুরু, ৬ বছরেই অঢেল সম্পদ নাজিমের!
প্রত্যাহারের পরও এক মৎস্যজীবীকে ক্রসফায়ারের ভয় দেখালেন আরডিসি নাজিম (ভিডিও)
সেই আরডিসি নাজিমের সম্পদের হিসাব চেয়ে দুদকের চিঠি
কুড়িগ্রামের আরডিসি নাজিম উদ্দিনের সেই ভিডিও ফের ভাইরাল
কুড়িগ্রামে মধ্যরাতের মোবাইল কোর্ট: রায় ও সাক্ষ্যতে নাটকীয়তা