ইসলামী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানায় সংগঠনটি।
এইচআরএসএস এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক নবীন শিক্ষার্থী ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে নির্যাতিত হওয়ার অভিযোগ উঠেছে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস ) এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। গত ১২ ফেব্রুয়ারি রাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের গণরুমে সাড়ে চার ঘণ্টা আটকে রেখে নির্যাতন করার অভিযোগ করেন ওই শিক্ষার্থী। ভুক্তভোগী ছাত্রীর ভাষ্য— বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরীর নেতৃত্বে তার অনুসারীরা তার ওপর নির্যাতন চালিয়েছেন। নির্যাতনের সময় তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, গালাগাল এবং এ ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। ওই ছাত্রী পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হলের প্রাধ্যক্ষ ও ছাত্র উপদেষ্টার কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দেন। একজন নবীন শিক্ষার্থীর সঙ্গে এ ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতনের ঘটনা নতুন নয়।
সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কৃষ্ণ রায় ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজের চার শিক্ষার্থীর ওপর ছাত্রলীগের অমানুষিক নির্যাতনের ঘটনা বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। শিক্ষা প্রতিষ্ঠানে সংঘটিত এমন আচরণ শিক্ষার পরিবেশ নষ্ট করে এবং শিক্ষার্থীদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করে। শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও অত্যাচার করা অত্যন্ত জঘন্য কাজ ও ফৌজদারি অপরাধ বলে মনে করে এইচআরএসএস। সব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে এইচআরএসএস ।