ধানমন্ডি লেকে ভাসছিল যুবকের মরদেহ

রাজধানীর ধানমন্ডি লেক থেকে মো. শাহীন আলম (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ধানমন্ডি থানা পুলিশ। কবি নজরুল ইনস্টিটিউটের পাশে লেকে ভাসছিল শাহীনের নিথর দেহ। শনিবার ( ২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গত বুধবার রাত থেকে নিখোঁজ ছিলেন শাহীন।

মো. শাহীন আলম পেশায় গাড়িচালক। তার বাসা রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর এলাকায়।

বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ ওসি ইকরামুল হক মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, তার পরিবারের সদস্যরা আমাদের জানিয়েছেন গত বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে বাসা থেকে বের হয়ে আর ফিরে যাননি শাহীন। এরপর থেকে তার খোঁজ করা হচ্ছিল। শাহীন পেশায় গাড়িচালক হলেও তিনি এক জায়গায় বেশি দিন কাজ করতে পারতেন না। অনলাইন জুয়ার সঙ্গেও তিনি জড়িত ছিলেন, ছিল নেশার বাতিক।

পরিবারের দাবি, জুয়ার কারণে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন শাহীন। এ জন্য হতাশায় তিনি আত্মহত্যাও করে থাকতে পারেন।

পুলিশ বলছে, এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে। মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি ইকরামুল আলী মিয়া।