বাসচাপায় শিক্ষার্থী নিহত: প্রতিবেদন দাখিলের নতুন তারিখ

প্রগতি সরণিতে বাসচাপায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়ার নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী  ৩০ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আল ইমরান রাজন প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালত প্রতিবেদন দাখিলের নতুন এদিন ধার্য করেছেন।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক রনপ কুমার বিষয়টি জানিয়েছেন।

গত ২২ জানুয়ারি দুপুর পৌনে একটায় প্রগতি সরণিতে ভিক্টর পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন নাদিয়া। মাত্র দু’সপ্তাহ আগে নর্দার্ন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন তিনি। নাদিয়া নিহতের পর তার বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ভাটারা থানায় নিরাপদ সড়ক আইনে মামলা দায়ের করেন। এ মামলায় ঘাতক বাসের চালক লিটন ও সহকারী মো. আবুল খায়ের কারাগারে রয়েছেন।