সিদ্ধেশ্বরীতে বাসা থেকে গৃহপরিচারিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর মগবাজার সিদ্ধেশ্বরী এলাকার একটি বাসা থেকে কুলসুম (১৪) নামে এক গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে সিদ্ধেশ্বরী মাজার গলির একটি বাসা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার উপপরিদর্শক (এসআই) আমেনা খানম।

তিনি বলেন, ওই বাড়ির তামান্না আক্তার নামে একজন দুপুরে দেখতে পান, বাসার বাথরুমের সাওয়ারের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানে কুলসুম ঝুলছিল। সংবাদ পেয়ে সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়।

আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য রাত সাড়ে ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) মর্গে পাঠিয়েছেন বলে জানান তিনি।

কুলসুম বরগুনা জেলার আমতলী উপজেলার নাজনাপাড়া গ্রামের মোশারেফ পেদা ও জয়নব বেগমের মেয়ে। সে সিদ্ধেশ্বরী মাজার গলির একটি বাসায় থেকে গৃহপরিচারিকা হিসেবে কাজ করতো।