২৮ স্বর্ণের বার উদ্ধার: ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

২৮টি অবৈধ স্বর্ণের বার উদ্ধারের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় মুনকির মিয়া নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে ঢাকা মহানগর পঞ্চম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচার ফাতেমা ফেরদৌস আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এএফএম রিজাউর রহমান রুমেল এসব তথ্য জানান।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৮ সালের ৫ ডিসেম্বর সিঙ্গাপুর থেকে আসার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮টি স্বর্ণের বারসহ মুনকির মিয়াকে আটক করে কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। ২০২১ সালের ২২ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলায় আট জন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় ছয় জন সাক্ষ্য দেন।