সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রীর প্রটোকলের গাড়ি দুর্ঘটনার শিকার হয়। গাড়িটি চালকের জিম্মায় থাকার সময় দুর্ঘটনায় পড়ে। এ ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বাদী হয়ে রাজধানীর দারুস সালাম থানায় মামলা দায়ের করেছেন।
শুক্রবার (৩ মার্চ) সকালে দারুস সালাম থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বৃহস্পতিবার (২ মার্চ) রাতে মামলাটি দায়ের করা হয়। এ ঘটনায় গাড়িচালক পরিবহন পুলের সোহরাব মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
দারুস সালাম থানা পুলিশ বলছে, চালক প্রটোকলের সেই গাড়িটি রাজধানীর আনসার ক্যাম্পের সরকারি কর্মকর্তা-কর্মচারী আবাসন ভবনে নিজ জিম্মায় এনে রাখেন। পরবর্তীতে তার মেয়েকে নিয়ে সেই গাড়িতে চড়ান। এমনকি সিসিটিভি ফুটেজে গাড়িচালক সোহরাবের মেয়ে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মনা প্রটোকলের সেই বিএমডব্লিউ গাড়িটি চালানোর বিষয়টিও স্পষ্ট হয়ে উঠেছে।
গত মঙ্গলবার রাতে বিএমডব্লিউ গাড়িটি আনসার ক্যাম্প সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন ভবনের সোহরাব মিয়ার বরাদ্দ পাওয়া বাসার সামনে দুর্ঘটনায় পড়ে। এই ঘটনায় সোহরাব মিয়ার মেয়ে আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।