জেডিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

জাপান ডেভেলপমেন্ট স্কলারশিপ (জেডিএস) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) রাজধানীর সোনারগাঁও হোটেলে এই সভায় আগামী দুই বছরের জন‍্য ২১ সদস‍্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সরকারের যুগ্ম সচিব মোহাম্মদ হাসান আরিফ এবং সাধারণ সম্পাদক হয়েছেন যুগ্ম সচিব শরীফ মোহাম্মদ ফরহাদ। 
 
সংগঠনটির অন্যতম সদস্য ও রাষ্ট্রপতির উপপ্রেস সচিব মুহা. শিপলু জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘অনলাইন ও সরাসরি সভায় প্রায় দেড় শতাধিক অ্যালামনাই সদস‍্য যোগ দিয়েছিলেন। জাপানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ও পিএইচডি কোর্স সম্পন্ন করা অ্যালামনাই সদস্যরা স্মার্ট বাংলাদেশ গঠন ও জাপান বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে অবদান রাখার দৃঢ় প্রত‍্যয় ব‍্যক্ত করেন। এখানে উল্লেখ্য যে, জেডিএস স্কলারশিপ বিসিএস ক‍্যাডার ও বাংলাদেশ ব‍্যাংকের কর্মকর্তাদের জন‍্য জাপান সরকার প্রদত্ত এক বিশেষ বৃত্তি, যা বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

এছাড়া সফলভাবে কোর্স শেষ করে আসা জেডিএস কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে বাংলাদেশের উন্নয়ন নিয়ে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

এর আগে সকালে একই ভেন‍্যুতে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন সেন্টারের (জাইস) উদ‍্যোগে জেডিএস সদস‍্যদের ফলোআপ সেমিনার আয়োজন করা হয়। জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা অধ‍্যাপকরা সেমিনারে বিশ্বায়ন ও ইন্দো-প‍্যাসিফিক, আইনের শাসন নিশ্চিত করতে আইনি সহযোগিতা, স‍্যাটেলাইটে বিশ্ব পরিবর্তন চিহ্নিতকরণ, স্থানীয় ভারসাম্যহীনতা ও অভিন্নতা পরিমাপ এবং নীতিগত বিষয়ে আলোচনা করেন। 

জাপানে শিখে এসে দৈনন্দিন ও জাতীয় জীবনে ‘বেস্ট প্র্যাকটিস’ চর্চার জন‍্য পাঁচ জন জেডিএস ফেলোকে সম্মাননা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এবং জাইকার চিফ রিপ্রেজেনটেটিভ ইচিগুচি তোমোহিদে।