‘যাত্রীবেশী ছিনতাইকারীর’ ছুরিকাঘাতে রিকশাচালক আহত

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের ঢাল থেকে থেকে আবদুর রাজ্জাক (৫০) নামে এক রিকশাচালককে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে সেখানে রাস্তায় ফেলে রেখে গেছে। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। রাত ১টার দিকে গুরুতর অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। রিকশাটিও উদ্ধার করেছে পুলিশ। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, আহত রিকশাচালকের অবস্থা গুরুতর। তিনি ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন। 

রিকশা গ্যারেজ মালিকের ছেলে রাসেল মাহমুদ জানান, রিকশাচালক আব্দুর রাজ্জাক ছিনতাইয়ের শিকার হয়েছেন- এমন খবর পেয়ে তিনি এসেছেন। তার শরীরের ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তাকে (রাসেল) জানিয়েছেন, আব্দুর রাজ্জাকের অবস্থা আশঙ্কাজনক।

রাসেল মাহমুদের ধারণা, রাতে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা টাকাপয়সা নিয়ে গেছে। খিলগাঁও থানার পুলিশ এসে রোগীর খোঁজখবর নিয়ে গেছেন। তারা বলেছেন, রিকশাটি পাওয়া গেছে। 

তিনি আরও বলেন, রোগীর জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে।

 আবদুর রাজ্জাক গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর উপজেলার নজরুল ব্যাপারীর ছেলে। বর্তমানে খিলগাঁও ভুইয়াপাড়া থাকেন।