নারী-শিশুর দুরারোগ্য রোগ, বার্ধক্যজনিত চিকিৎসা ও শিক্ষা সহায়তা হিসেবে ৮২ লাখ ৪৫ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দুস্থ নারী ও শিশু কল্যাণ তহবিল থেকে এই অনুদান দেওয়া হবে।
বুধবার (৫ এপ্রিল) সচিবালয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুস্থ নারী ও শিশু কল্যাণ তহবিলের বোর্ড অব ট্রাস্টির ২৪তম সভায় অনুদানের জন্য চলমান অর্থবছরে প্রাপ্ত আবেদন বিবেচনা করে এ অনুদান প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।
দুস্থ নারী ও শিশু কল্যাণ তহবিলের বোর্ড অব ট্রাস্টির সভাপতি মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা সভায় সভাপতিত্ব করেন। বোর্ড অব ট্রাস্টির সহসভাপতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল, ট্রাস্টির সদস্য অতিরিক্ত সচিব মো. মুহিবুজ্জামান, অতিরিক্ত সচিব মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক ফরিদা পারভীন ও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, বোর্ড অব ট্রাস্টির সদস্য, বাংলাদেশ মহিলা সমিতির প্রতিনিধি সেলিনা খালেক, কন্যাশিশু অ্যাডোকেসি ফোরামের সম্পাদক নাসিমা আক্তার জলি, অপরাজেয় বাংলার নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু, হোসনে আরা সিদ্দিকি জুলি ও রওশন জাহান সাথী সভায় উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অসহায় ও দুস্থ মানুষের উন্নয়নে বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম বাস্তবায়ন করছেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ভিডাব্লউবি কর্মসূচির মাধ্যমে ১০ লাখ ৪০ হাজার নারীকে প্রতিমাসে ৩০ কেজি চাল এবং মা ও শিশু সহায়তা কর্মসূচির থেকে ১২ লাখ ৫৪ হাজার মাকে প্রতি মাসে ৮০০ টাকা করে ভাতা প্রদান করছে। এছাড়া নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।’
তিনি বলেন, ‘এ অর্থবছরে প্রাপ্ত ২ হাজার ৫৮৪টি আবেদনের মধ্যে দুরাগ্য রোগের ৫০ জনকে ১২ লাখ ৫০ হাজার টাকা, বার্ধক্যজনিত রোগের জন্য ৬০ জনকে ৯ লাখ টাকা, সাধারণ চিকিৎসায় ১৪০ জনকে ১৪ লাখ টাকা, শিক্ষার জন্য ৬৯ জনকে ৬ লাখ ৯০ হাজার টাকা, আর্থিক ও অন্যান্য ৮০১ জনকে ৪০ লাখ ৫ হাজার টাকা অনুদান প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।’
সর্বমোট ১১২০ জনকে ৮২ লাখ ৪৫ হাজার টাকার অনুদান প্রদানের সিদ্ধান্ত হয়। অনুদানপ্রাপ্তরা নিজ নিজ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে অনুদানের চেক গ্রহণ করবেন। সভায় প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা দ্রুততম সময়ের মধ্যে অনুদানপ্রাপ্তদের কাছে অনুদানের চেক প্রদানের নির্দেশ দেন।