ইনসাফ কমিটির ইফতার মাহফিল

রাষ্ট্রীয় সব আইন মানলে গণঅভ্যুত্থান হবে না: ফরহাদ মজহার

জাতীয় ইনসাফ কায়েম কমিটির আহ্বায়ক লেখক, কবি ফরহাদ মজহার বলেছেন, রাষ্ট্রীয় সব আইন মানলে গণঅভ্যুত্থান হবে না। সেটা ৬০ দশকে আমরা দেখেছি। শেখ মুজিবুর রহমানও রাষ্ট্রীয় আইন অমান্য করে গণঅভ্যুত্থান করেছেন। আমরা ওনার থেকেই গণঅভ্যুত্থান শিখেছি। আমরা নতুন করে রাষ্ট্র গঠন করতে চাই।’

সোমবার (১০ এপ্রিল) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় ইনসাফ কায়েম কমিটির ‘দারিদ্র্য ও ইনসাফ’ শীর্ষক আলোচনা সভায় ফরহাদ মজহার এসব কথা বলেন। ইফতার অনুষ্ঠানে বিপুলসংখ্যক নারী-পুরুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। আগত  বেশিরভাগই গার্মেন্টস শ্রমিক ও দিনমজুর।

ফরহাদ মজহার বলেন, ‘আজকে সাংবাদিকদের মাছ-মাংসের স্বাধীনতা চাই— একথা লেখার স্বাধীনতা আছে? গণঅভ্যুত্থান হবেই, আমি বা শওকত (সাংবাদিক শওকত মাহমুদ) নাও দেখে যেতে পারি।’

গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া বলেন, ‘যারা শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে— তারা দালাল। তাদেরকে আপনারা চিহ্নিত করবেন। এটা আমার দল গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের থেকে পরিষ্কার যে, তারা এ সরকারের অধীনে নির্বাচনে যাবে না।’

ইসলামী আন্দোলনের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ইনসাফ প্রতিষ্ঠা করতে জাতীয় সরকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।  পরে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।  এ সময় বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর আরোগ্য কামনায় দোয়া করা হয়।

জাতীয় ইনসাফ কায়েম কমিটির আহ্বায়ক ফরহাদ মজহারের সভাপতিত্বে সাংবাদিক নেতা জাহাঙ্গীর আলম প্রধানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন— ইনসাফের সদস্য সচিব সাংবাদিক শওকত মাহমুদ, জানিপপ চেয়ারম্যান নাজমুল আহসান কলিমউল্লাহ, দিগন্ত মিডিয়ার চেয়ারম্যান শিব্বির মাহমুদ, সাংবাদিক আব্দুল আউয়াল ঠাকুর, ড. ফরহাত হোসেন খন্দকার, নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি একেএম আশরাফুল হক প্রমুখ।