বাংলাদেশ ও কানাডার আকাশ যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি এভিয়েশন খাতে অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগ নিয়ে বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত লিলি নিকোলসের সঙ্গে আলোচনা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। একইসঙ্গে এভিয়েশন খাতে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার বিষয়েও রাষ্ট্রদূতের তুলে ধরেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।
মঙ্গলবার (১১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সোমাবার কানাডার হাইকমিশনার লিলি নিকোলস বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও টেকসই করা, এভিয়েশন সেক্টরের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
বেবিচক জানিয়েছে, বাংলাদেশ ও কানাডার মধ্যে বিমান চলাচল বৃদ্ধির লক্ষ্যে এয়ার কানাডার সঙ্গে বিমান বাংলাদেশসহ অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সের কোড শেয়ারের মাধ্যমে কানেক্টিভিটি বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়। বেবিচক চেয়ারম্যান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরেন্টো ফ্লাইটে মধ্যবর্তী যাত্রা বিরতি পয়েন্টে যাত্রী ওঠানামার অনুমোদনের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য কানাডার হাইকমিশনারকে অনুরোধ জানান। এছাড়া কানাডার অভ্যন্তরীণ বিমান সংস্থার সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোড শেয়ারের বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ করেন।
হাইকমিশনার এ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতায় আকাশ যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা এবং এভিয়েশন খাতে অবকাঠামো উন্নয়নে কানাডা কর্তৃক বিনিয়োগের ক্ষেত্রগুলো আলোচিত হয়। আলোচনা শেষে বন্ধুপ্রতিম দুটি দেশের সিভিল এভিয়েশন ও বিমান পরিবহন সংস্থাগুলোর মধ্যে বিমান চলাচল ক্ষেত্রে যোগাযোগ আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।