বিডিইউ ছাত্রলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান উপাচার্যের

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) ছাত্রলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম।

বিডিইউ একাডেমিক ভবনের সামনে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত বিশেষ কর্মীসভায় প্রধান আলোচকের বক্তব্যে মঙ্গলবার (১১ এপ্রিল) উপাচার্য এ আহ্বান জানান।

উপাচার্য বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি ছাত্রলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ কাজ করে যেতে হবে। প্রত্যেক নেতাকর্মীকে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার অনন্য কারিগর হিসেবে গড়ে উঠতে হবে। ছাত্রলীগ করতে হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে হবে। ইউনিভার্সিটি ছাত্রলীগ জাতির পিতার আদর্শ বাস্তবায়নে একযোগে কাজ করবে বলে আমি আশা করি।’

উপাচার্য আরও বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়নের লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ উপযোগী দক্ষ জনবল তৈরির লক্ষ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা।’

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় বিশেষ কর্মীসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন।

কর্মীসভা শেষে মির্জা আবু সাঈমকে সভাপতি এবং অনিমা জামান প্রমাকে সাধারণ সম্পাদক করে বিডিইউ ছাত্রলীগের ১০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।

কমিটির অন্যান্যরা হলেন— সহ সভাপতি হাসিবুল আলম প্লাবন, সহ সভাপতি মো. মেহেদী হাসান শিশির, সহ সভাপতি সাদিদ আহমেদ, সহ সভাপতি সাদিয়া হোসেন উপমা, সহ সভাপতি ফারাহ আলম মীম, যুগ্মসাধারণ সম্পাদক মো. তৌফিক হাসান তুষার, যুগ্মসাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাদিম এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাপ্পি।