বঙ্গবাজারে আগুন

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে ২ কোটি টাকা দেবে ডিএসসিসি

রাজধানীর বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে ২ কোটি টাকা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১২ এপ্রিল) ডিএসসিসি মেয়র বলেন, ‘ব্যবসায়ীদের পুনর্বাসনে সহায়তা ছাড়াও ঢাকা সিটি করপোরেশন মানবিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা দেবে।সবাই মিলে ঢাকা শহরকে ব্যবসাবান্ধব নগরী হিসেবে গড়ে তুলবো। নিছক একটি দুর্ঘটনার জন্য যে ভয়াবহ ক্ষতি হয়ে গেলো, সেটা যেন আর কোনও দিন না হয়। ভবিষ্যতে দুর্যোগ পরবর্তী সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা মোকাবিলা করার জন্য  সিটি করপোরেশনের পক্ষ থেকে স্থায়ী কমিটি গঠন করে দিয়েছি।’

বুধবার (১২ এপ্রিল) দুপুরে চৌকি পেতে বঙ্গবাজারের ব্যবসায়ীদের ব্যবসা কার্যক্রম উদ্বোধন কর‍তে এসে মেয়র তাপস এসব কথা বলেন।

ঈদের আগে সাময়িকভাবে ব্যবসার সুযোগ করে দেওয়া হয়েছে। ঈদের পরে পূর্ণাঙ্গভাবে পুনর্বাসনের ব্যবস্থা হবে উল্লেখ করে ডিএসসিসি মেয়র বলেন, ‘আজকে থেকে পুরোদমে এখানে ব্যবসা পরিচালনা হবে। আমাদের এখানে ৫টি পরিত্যক্ত ভবন ছিল, সেগুলো আমরা সরিয়ে ফেলেছি। আরও  একটি বাকি আছে, সেটাও আজকের মধ্যে হয়ে যাবে। আগে এখানে দোকান মালিকরা যেভাবে ব্যবসা করতেন, তাদের সেভাবেই জায়গা দেওয়া হয়েছে। তালিকাভুক্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের তাদের নিজ নিজ জায়গায় বসিয়ে দিতে পারছি। আমরা ঈদের আগে যদিও পূর্ণভাবে তাদের ক্ষতিপূরণ ‍দিতে পারবো না৷ কিন্তু ঈদের পরে তাদের পূর্ণভাবে পুনর্বাসনের ব্যবস্থা করবো। সেটা কীভাবে করবো— তা ব্যবসায়ী প্রতিনিধি ও অন্যান্য সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘আপাতত খোলা আকাশের নিচে দোকানিরা বসছেন। পর্যায়ক্রমে ত্রিপল ও বিদ্যুতের ব্যবস্থাও করা হবে। ব্যবসায়ীরা চাইলে রাতেও বসতে পারবেন।’

এ সময় বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত দোকানি ও ব্যবসায়ীদের ইফতারের জন্য সাকিব আল  হাসানের দেওয়া ২০ হাজার টাকা নিয়ে সৃষ্ট বিতর্কের বিষয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দীন বলেন, ‘যে ব্যবসায়ী সাকিবের অনুদানের টাকা নিয়ে এসব কথা বলেছেন, তাকে আমরা চিনি না। তিনি আমাদের ব্যবসায়ীদের কেউ না। আমরা তার এমন আচরণে অনুতপ্ত।’

এ সময় ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি নাজমুল হুদা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।