ঢাকায় ডি-৮ ইয়ুথ কনফারেন্স শুরু ১৬ মে 

আগামী ১৬ ও ১৭ মে ঢাকায় অনুষ্ঠিত হবে ডি-৮ এর যুব মন্ত্রী ও সিনিয়র কর্মকর্তা পর্যায়ের সভা এবং ইয়ুথ কনফারেন্স ২০২৩। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ কনফারেন্সের আয়োজন করছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ডি-৮ ইয়ুথ-এর চেয়ার মো. জাহিদ আহসান রাসেল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

অনুষ্ঠানে ডি-৮ এর মহাসচিব অ্যাম্বাসেডর ইসিয়াকা আবদুল কাদির ইমামের প্রতিনিধি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বক্তব্য দেন ডি-৮ এর ইকোনমি অ্যান্ড এক্সটার্নাল রিলেশনস শাখার পরিচালক পুঞ্জুল নুগরাহা।

এসময় ডি-৮ ইয়ুথ-এর অফিশিয়াল ওয়েবসাইট আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের সভাপতি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল সামগ্রিক আয়োজন সম্পর্কে সংবাদমাধ্যমকে অবহিত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে আমরা এখন নতুন ভিশন নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা গড়বো স্মার্ট বাংলাদেশ। ২০৪১ সালের মধ্যে স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি; এ চার মূল ভিত্তির ওপর একটি সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিমান, জ্ঞান-ভিত্তিক, উদ্ভাবনী, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে। এ যাত্রা সফল করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যুবক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন দেশি ও বিদেশি প্লাটফর্মে আমাদের যুবাদের অংশগ্রহণ এ সামগ্রিক পরিকল্পনার অংশ।

ডি-৮ যুব সম্মেলন ২০২৩ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যিনি ডি-৮ এর বর্তমান সভাপতি।

দুই দিনব্যাপী আয়োজনের অন্যান্য কার্যক্রমের মধ্যে থাকবে সিনিয়র কর্মকর্তাদের সভা, যুব মন্ত্রী পর্যায়ের সভা, বিভিন্ন বিষয়ে প্যারালাল অধিবেশন এবং ইয়ুথ এক্সপো।