মার্কেট-শপিং মলের অগ্নিনিরাপত্তা বাড়াতে সমন্বিত সহযোগিতা প্রয়োজন: ফায়ার সার্ভিস

মার্কেট ও শপিং মলের অগ্নিনিরাপত্তা বাড়াতে সমন্বিত সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

ফায়ার সার্ভিস অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিনের নির্দেশনা অনুযায়ী ১৬ ও ১৭ এপ্রিল পর পর দুই দিন ঢাকা শহরের বিভিন্ন দোকান মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে অগ্নিঝুঁকি নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ মন্তব্য করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ১৬ এপ্রিল সকাল ১০টা থেকে ১২টা এবং ১৭ এপ্রিল বেলা ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

ব্যবসায়ীদের উদ্দেশে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘জীবন ও সম্পদের সুরক্ষা দেওয়ার জন্য মার্কেট ও শপিং মলের অগ্নিনিরাপত্তা বাড়াতে আপনাদের সবার সমন্বিত সহযোগিতা প্রয়োজন। আন্তরিক হলেই কেবল ভবিষ্যতে বঙ্গবাজার ও নিউমার্কেটের মতো ভয়াবহ অগ্নিদুর্ঘটনা থেকে আপনাদের প্রিয় প্রতিষ্ঠান রক্ষা করা সম্ভব হবে।’

মার্কেট পরিদর্শনের ফলাফল অনুযায়ী অগ্নিনিরাপত্তার দিক থেকে মার্কেটের বিভিন্ন অসংগতি তুলে ধরে তিনি এসব সমস্যা সমাধানে করণীয় বিষয়েও সবাইকে ধারণা দেন।

এ সময় ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির নেতারা তাদের মতামত ব্যক্ত করে জানান, ফায়ার সার্ভিসের পরামর্শ অনুযায়ী তারা মার্কেট ও শপিং মলের অগ্নিঝুঁকি নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থার বাস্তবায়ন করবেন।

সভায় আরও ছিলেন ফায়ার সার্ভিসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরের (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) প্রতিনিধিরা। এছাড়া গাউছিয়া মার্কেট, নিউ সুপার মার্কেট, মৌচাক মার্কেট, গুলিস্তান পাতাল মার্কেট, বরিশাল প্লাজা, বঙ্গ হোমিও মার্কেট, আজাহার মার্কেট, এনেক্সকো টাওয়ার মার্কেট, ওয়ান স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, গোল্ডেন প্লাজা মার্কেট, বঙ্গবাজার কমপ্লেক্স মহানগর ইউনিট মার্কেটের ব্যবসায়ী সমিতির নেতারা, হোটেল ও দোকানের মালিক এবং ক্ষুদ্র ব্যবসায়ীসহ মার্কেটের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সিকিউরিটি গার্ডরা এতে অংশ নেন।