আদালত থেকে জঙ্গি ছিনতাই

জঙ্গি সোহেলের স্ত্রী শিখা ফের রিমান্ডে

আদালতের ফটক থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনার মামলায় গ্রেফতার জঙ্গি সোহেলের স্ত্রী ফাতিমা তাসনীম শিখার তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে তাকে আশ্রয়দাতা হুসনা আক্তার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুই দফায় আট দিনের রিমান্ড শেষে দুজনকে আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক মুহাম্মদ আবুল কালাম আজাদ।

হুসনা আক্তার আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এবং ফাতেমা তাসনীম শিখার পুনরায় সাত দিনের রিমান্ড আবেদন করেন এই কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত আসামি হুসনা আক্তারের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। অপরদিকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত ফাতেমা তাসনীম শিখার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের কোতোয়ালি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক আশ্রাফ আলী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন।

এর আগে গত ৮ এপ্রিল এবং ১৪ এপ্রিল দুই আসামির আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ৭ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে শিখাকে গ্রেফতার করা হয়। ওই সময়ে তার আশ্রয়দাতা হুসনাকেও আটক করা হয়।

গত বছরের ২০ নভেম্বর দুপুরের দিকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মূল ফটক থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি আবু সিদ্দিক সোহেল ও মইনুল হাসান শামীমকে ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় এজাহারনামীয় ২০ জনসহ আরও ২১ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করে পুলিশ। ডিএমপির প্রসিকিউশনের পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন আকন্দ বাদী হয়ে মামলাটি করেন।