ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক জাহাঙ্গীর আলমের জামিন

রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক জাহাঙ্গীর আলমকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৬ এপ্রিল) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জাহাঙ্গীর আলমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সঙ্গে ছিলেন আইনজীবী ফরহাদ হোসাইন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল শাহ নেওয়াজ।

পরে আইনজীবীরা বলেন, আদালত উভয়পক্ষের শুনানি শেষে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। 

এর আগে গত ১২ এপ্রিল রাজধানীর হাতিরঝিল থানার উপপরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলা দায়ের করেন।

মামলায় ২১ আসামির মধ্যে সাংবাদিক জাহাঙ্গীর আলমের নাম থাকলেও সেখানে তার পিতা-মাতার নাম এবং স্থায়ী-অস্থায়ী কোনও ঠিকানা উল্লেখ করা হয়নি।

সাংবাদিক জাহাঙ্গীর আলম সংবাদ সংস্থা ইউএনবি'র অপরাধবিষয়ক প্রধান প্রতিবেদক এবং শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের (এসসিআরএফ) সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য।