মোটরসাইকেল চুরির মামলায় একজন রিমান্ডে

রাজধানীর ওয়ারী এলাকা থেকে মোটরসাইকেল চুরির অভিযোগে করা মামলার একজনকে একদিনের রিমান্ড দিয়েছে আদালত। ওই ব্যক্তির নাম মো. কাজেম আলী (৩৮)।

সোমবার ( ১ মে) তাকে আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপপরিদর্শক মো. আসাদুজ্জামান। পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশেক ইমামের আদালত রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত রবিবার (৩০ এপ্রিল) আশিকুর রহমান নামে এক ব্যক্তি ওয়ারী থানায় বাদী হয়ে এ মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল  রাতে ওয়ারী থানার ভজহরি সাহা রোডের বাসার সামনে থেকে বাদীর একটি টিভিএস মোটরসাইকেল চুরি হয়ে যায়। বাদী বিষয়টি তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা থানা এলাকায় ডিউটিতে থাকা পুলিশকে নির্দেশ দেন। পরে ওয়ারী থানার টহল পুলিশ বাদীকে সঙ্গে নিয়ে টিপু সুলতান রোডে উত্তরা ব্যাংকের সামনে থেকে মোটরসাইকেল চোর কাজেম আলীকে আটক করে। আটক আসামির কাছ থেকে বাদীর চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ওয়ারী থানায় একটি মামলা দায়ের করা হয়।