ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া পলাতক আসামি মো. আজিম বেপারীকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (১ মে) বিকালে ঢাকার শ্যামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক মো. ফজলুল হক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতারকৃত আসামি আজিম তার বড় মেয়েকে তার স্ত্রীর অগোচরে নিয়ে ধর্ষণ করে। পরবর্তী সময়ে তার স্ত্রী বাদী হয়ে তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে। মামলায় ১৩ মাস জেল খাটার পর জামিনে বের হয়ে আইন-শৃঙ্খলা নজর এড়িয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। মামলার রায়ের পর থেকে শ্যামপুর থানা এলাকায় আত্মগোপনে ছিল।

তিনি আরও বলেন, ২০২১ সালের ২৪ ডিসেম্বর শাহবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় আসামি করা হয় মো. আজিম বেপারীকে। আদালত ধর্ষণ মামলায় অবগত সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ এবং তথ্যপ্রমাণের ভিত্তিতে আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়। একইসঙ্গে ২ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়।