জলাবদ্ধতা নিরসনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকার নিজস্ব অর্থায়নে ১৩৬টি স্থানে অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। বুধবার (৩ মে) দুপুরে কলাবাগানের ভূতের গলি এলাকায় নর্দমা পরিষ্কার কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মেয়র শেখ তাপস বলেন, ‘আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে জলাবদ্ধতা নিরসনে আমাদের ব্যাপক কার্যক্রম চলমান।’
তিনি বলেন, ‘২০২০ সালে আমরা যখন দেখলাম, মাঝারি বৃষ্টিতেই ঢাকা শহরের ৭০ ভাগ তলিয়ে যায়। তখন প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনায় স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে খালগুলো এবং সকল নর্দমা অবকাঠামো আমাদের কাছে হস্তান্তর করা হয়। এরপর থেকে নিজস্ব অর্থায়নে আমরা বিশাল কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছি।’
খালগুলো এখন নিয়মিতভাবে জানুয়ারি মাস থেকেই পরিষ্কার করা হয়, আর নর্দমাগুলো মার্চ থেকে শুরু করে জুনের আগেই পরিষ্কার করা হয় বলেও জানান মেয়র। এবছর জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি'র ১৩৬টি জায়গায় অবকাঠামো উন্নয়নের কাজ করা হয়েছে বলে জানান তিনি।
সংস্কার ও উন্নয়নের ফলে ঢাকাবাসী সুফল পাওয়া আরম্ভ করেছে জানিয়ে ডিএসসিসি মেয়র শেখ তাপস বলেন, ‘গতবছর ঘূর্ণিঝড় সিত্রাং-এর পরে মাত্র ৯টি জায়গায় কিছু সময় পানি জমেছিল। সুতরাং আমাদের এই ব্যাপক কার্যক্রম এখন ফলপ্রসূ।’
এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন, করপোরেশনের সচিব আকরামুজ্জামান, পরিবহন মহাব্যস্থাপক মো. হায়দর আলী, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম বাবুল, সংরক্ষিত আসনের কাউন্সিলর নারগীস মাহতাব প্রমুখ উপস্থিত ছিলেন।