দুদক কমিশনার নিয়োগে বাছাই কমিটির সভা ১৬ মে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার নিয়োগে সুপারিশ করতে বাছাই কমিটির সভা আগামী ১৬ মে অনুষ্ঠিত হবে। আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের সভাপতিত্বে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে বিকাল সাড়ে চারটায় ওই সভা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৯ মে) সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ১০ এপ্রিল আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বে এ কমিটি গঠনে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনের বলা হয়, দুর্নীতি দমন কমিশনের একজন কমিশনারের পদ শিগগিরই শূন্য হবে বিধায় তার স্থলে একজন কমিশনার নিয়োগের জন্য সুপারিশ করতে দুদক আইন অনুসারে একটি বাছাই কমিটি গঠন করা হয়েছে। 

সুপারিশ কমিটিতে সভাপতি পদে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ছাড়াও সদস্য হিসেবে রয়েছেন—সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জে বি এম হাসান, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন ও সর্বশেষ অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।

কমিটির কার্যপরিধির বিষয়ে বলা হয়েছে, বাছাই কমিটি উপস্থিত সদস্যদের অন্যূন তিন জনের সিদ্ধান্তের ভিত্তিতে প্রতিটি কমিশনারের শূন্য পদের বিপরীতে দুইজন ব্যক্তির নামের তালিকা প্রণয়ন করে রাষ্ট্রপতির নিকট প্রেরণ করবে। আর অন্যূন চার সদস্যের উপস্থিতিতে কোরাম গঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগ এ বাছাই কমিটির কাজ সম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দিবে।