বাসচাপায় শিক্ষার্থী নিহত: তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য

প্রগতি সরণিতে বাসচাপায় বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাদিয়া নিহতের ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১২ জুন দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (১১ মে) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আল ইমরান রাজন প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশেক ইমামের আদালত প্রতিবেদন দাখিলের নতুন এদিন ধার্য করেছেন।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক রনপ কুমার এসব তথ্য জানান।

গত ২২ জানুয়ারি দুপুর পৌনে ১টায় প্রগতি সরণিতে ভিক্টর পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন নাদিয়া। এর মাত্র দুই সপ্তাহ আগে নর্দান ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন তিনি। নাদিয়ার মৃত্যুর পর তার বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ভাটারা থানায় নিরাপদ সড়ক আইনে মামলা দায়ের করেন। এ মামলায় বাসচালক লিটন ও সহকারী মো. আবুল খায়ের কারাগারে রয়েছেন।