আফতাবনগরে গরুর হাট না বসানোর নির্দেশনা চেয়ে রিট

আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে রাজধানীর আফতাবনগরে গরুর হাট না বসানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

সোমবার (১৫ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পরিবেশ সংরক্ষণের দাবিতে জনস্বার্থে রিটটি দায়ের করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।

রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটির প্রধান ভূমি অফিসার, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, ইস্টার্ন হাউজিং ও ঢাকা জেলা প্রশাসককে বিবাদী করা হয়েছে।

এর আগে গত ২ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (স্থানীয় সরকার বিভাগ) পক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগ প্রধান সম্পত্তি কর্মকর্তা সাক্ষরকৃত ইজারা/বিজ্ঞপ্তির মাধ্যমে দরপত্র ঘোষণা করা হয়। দরপত্রে ঈদুল আজহার দিনসহ ৫ (পাঁচ) দিন গরুর হাটের কথা উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে রাজধানীর বাড্ডা ইউনিয়ন পরিষদের অংশ ইস্টার্ণ হাউজিং আফতাব নগরিস্থিত ব্লক-বি হতে এইচ পর্যন্ত খালি জায়গায়সহ উত্তর সিটি করপোরেশনের সাত স্থানে কোরবানির গরু বিক্রির জন্যে বাজারের ইজারা আহ্বান করা হয়।