ছাত্রলীগের মামলায় দেশ রূপান্তরের প্রকাশক ও প্রতিবেদককে অব্যাহতি

মানহানির অভিযোগ ভিত্তিহীন হওয়ায় ছাত্রলীগের করা মামলায় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রকাশক মাহির আলী খান রাতুল ও প্রতিবেদক পাভেল হায়দার চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন আদালত।

ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালত এ অব্যাহতির আদেশ দেন।

সোমবার (১৫ মে) আদালতের বেঞ্চ সহকারী আতিকুর রহমান বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, গত ৭ মে এ মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। ওইদিন শুনানি শেষে আদালত এ মামলার দায় থেকে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রকাশক মাহির আলী খান রাতুল ও প্রতিবেদক পাভেল হায়দার চৌধুরীকে অব্যাহতি দেন।

এর আগে গত বছরের ২০ সেপ্টেম্বরে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক দফতর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা বাদী হয়ে এ মামলা করেন। ওইদিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। এরপর শুনানি শেষে আসামিদের হাজির হতে সমন জারি করেন।

মামলায় অভিযোগে বলা হয়, ‘২০২২ সালের ৬ জুলাই আসামিরা দৈনিক দেশ রূপান্তর পত্রিকার অনলাইন ও মুদ্রিত মাধ্যমে ‘ছাত্রলীগের পদ কোটি টাকা’ শিরোনামে একটি মিথ্যা ও বানোয়াট রিপোর্ট মুদ্রণ, লিখন, প্রকাশ ও প্রচার করে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রাচীনতম ছাত্র সংগঠনটির সুনাম, গৌরব ও ঐতিহ্যে আঘাত করে মানহানি করেন। এভাবে সভাপতি, সাধারণ সম্পাদকসহ বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস, ঐতিহ্যের সুনাম ও সুখ্যাতিতে আঘাত করা হয়েছে।’

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ‘গত ৭ জুলাই দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক, প্রকাশক ও রিপোর্টারকে আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ ও প্রচার করার বিষয়ে ভুল স্বীকার করে ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে ক্ষমা প্রার্থনা করতে বলা হয়। যা তারা করেননি। তাই বাদী বাধ্য হয়ে মামলা করেন।’