অভিযোগপত্রে জব্দকৃত হেরোইনের পরিমাণ কম লেখায় মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার এসআই হাসান সিকদারকে তলব করেছেন হাইকোর্ট। তাকে আগামী ২৯ মে সকাল সাড়ে ১০টায় হাইকোর্টে উপস্থিত হয়ে জবাব দিতে বলা হয়েছে আদেশে।
এ মামলায় এক আসামির জামিন শুনানিকালে বিষয়টি নজরে এলে সোমবার (১৫ মে) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। আসামিপক্ষে ছিলেন আইনজীবী নাজনীন নায়েম।
পরে আমিন উদ্দিন মানিক জানান, হেরোইন উদ্ধারের মামলার আসামি মো. ফজলে রাব্বী ওরফে পিংকি রাব্বীর জামিন আবেদন করেন। তার জামিন শুনানিকালে বিষয়টি আদালতের নজরে আসে যে, জব্দকৃত ৫০ গ্রাম হেরোইনের মামলায় তদন্তকারী কর্মকর্তা রাসায়নিক পরীক্ষকের মতামত অনুযায়ী, অভিযোগপত্রে উদ্ধারকৃত হেরোইনের ওজন ২০.৫ গ্রাম লিখে দেন। তখন আদালত মামলার তদন্তকারী কর্মকর্তাকে তলব করেন। আর আসামির জামিন প্রশ্নে রুল জারি করেন।
মামলার এজাহারে বলা হয়, গত ৩১ ডিসেম্বর আসামির কাছ থেকে ১০০০ পুরিয়া হেরোইন (ওজন অনুমান ৫০ গ্রাম, যার মূল্য ২ দুই লাখ টাকা) উদ্ধার করা হয়। কিন্তু মামলার অভিযোগপত্রে দেখা যায়, মামলার তদন্তকারী কর্মকর্তা সেখানে ২০.৫ গ্রাম হেরোইন উল্লেখ করেছেন। যেটা নিয়ে আদালতের প্রশ্নের উদ্ভব হয়েছে। এ কারণে মামলার তদন্তকারী কর্মকর্তাকে তলব করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।