সৌদি আরবে গ্রুপ ভিসায় কর্মী পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ মিশনের সত্যায়ন বা মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া বিদেশে কর্মী না পাঠানোর নির্দেশনা সাময়িক স্থগিত করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (২২ মে) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এ নির্দেশনা দিয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব গাজী মো. শাহেদ আনোয়ার স্বাক্ষরিত এক চিঠি দেওয়া হয়েছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোকে (বিএমইটি)।
চিঠিতে বলা হয়েছে, নিরাপদ ও গতিশীল অভিবাসনের স্বার্থে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী ব্যবস্থাপনা বিধিমালা ২০১৭ এর বিধি ৬ এর উপ-বিধি (১) ও (২) অনুযায়ী— অভিবাসী কর্মীর সংখ্যা যাই হোক না কেন বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর সত্যায়ন ছাড়া এবং সত্যায়ন না থাকলে মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া বিএমইটি কোনও চাহিদাপত্র প্রক্রিয়াকরণ না করার জন্য চলতি বছরের ৬ মার্চ কর্মসংস্থান শাখা-০২৪৯.০০.০০০০.০৪৪.১৬.১০৭.২০১৯.১৯৬ সংখ্যক স্মারকমূলে একটি নির্দেশনা দেয়। ওই নির্দেশনার কার্যকারিতা সূত্র-১ এ বর্ণিত পত্র মারফত চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়। অভিবাসন কার্যক্রম সচল রাখার লক্ষ্যে সৌদি নিয়োগকর্তার চাহিদা মোতাবেক ৩০ এপ্রিলের মধ্যে ইস্যুকৃত গ্রুপ ভিসার ওকালা বা চাহিদাপত্রের বিপরীতে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিগুলোকে বিএমইটি থেকে থেকে বহির্গমন ছাড়পত্র দেওয়ার জন্য বলা হয়। অন্যান্য সব ক্ষেত্রে সত্যায়নের আগের নিয়ম যথারীতি বহাল থাকবে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বায়রা সূত্র-২ এ দাখিল করা আবেদনে সৌদি নিয়োগকর্তার চাহিদা মোতাবেক ৩০ এপ্রিলের মধ্যে ইস্যুকৃত গ্রুপ ভিসার ওকালা বা চাহিদাপত্রের বিপরীতে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিসমূহকে আগের নিয়মে বিএমইটি থেকে বহির্গমন ছাড়পত্র দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।
এ প্রসঙ্গে বায়রা মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন, অতিরিক্ত চাহিদার কারণে ৪ থেকে ৫ হাজার সৌদি অভিবাসন প্রত্যাশীর এখনও দূতাবাসের সত্যায়ন করা সম্ভব হয়নি। কিন্তু তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এ অবস্থায় বাজার হাতছাড়া না হওয়ার স্বার্থে বিশেষ বিবেচনায় নির্দিষ্ট সংখ্যক ভিসার জন্য দূতাবাসের সত্যায়ন ছাড়াই বিএমইটির বহির্গমন ছাড়পত্র পেতে মন্ত্রণালয়ে বায়রার পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল।