স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সমসাময়িক অনেক দেশের তুলনায় আমাদের ডেঙ্গু পরিস্থিতি ভালো হলেও ডেঙ্গু রোগীর সংখ্যা শূন্যে নামিয়ে আনার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি বলেন, ‘বর্ষাকালে জমা পানিতে যেন এডিস মশা জন্মাতে না পারে, সবাইকে সে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’
বৃহস্পতিবার (২৫ মে) এসপায়ার টু ইনোভেট (এটুআই) আয়োজিত ‘ইনোভেশন চ্যালেঞ্জ’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য-প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
তাজুল ইসলাম বলেন, ‘বর্তমান পৃথিবীর অনেক উন্নত দেশের মতো বাংলাদেশেরও শিল্পায়ন শুরু হয়েছে পোশাক শিল্পের মাধ্যমে।’ এ প্রসঙ্গে তিনি জাপানের উদাহরণ টেনে বলেন, ‘জাপান এখন হাইটেক বা প্রযুক্তিগত জ্ঞান-বিজ্ঞানে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে।’
আমাদেরকেও সেই পথে হাঁটতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে আমাদের অনেক সমস্যার সমাধান করা সম্ভব।’ এ সময় তিনি ডেঙ্গু রোগের বিস্তার প্রতিরোধ, নদীর দূষণ, যানজট সমস্যা, দুর্নীতি প্রতিরোধসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন। একইসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— এটুআই প্রকল্পের পরিচালক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিম এ খান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল এএসএম ফখরুল ইসলাম প্রমুখ।