বর্ণাঢ্য আয়োজনে ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। শুক্রবার (২৬ মে) সকালে সেগুনবাগিচাস্থ ডিআরইউ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন করা হয়। বিকালে কেক কাটা ও প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।
জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে এবং উদযাপন কমিটির আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন ডিআরইউ’র প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি আজমল হোসেন খাদেম, রফিকুল ইসলাম আজাদ, আজিজুল ইসলাম ভুঁইয়া, আযম মীর শহীদুল আহসান, কাজী আবদুল হান্নান, সৈয়দ আখতার ইউসুফ, অজিত কুমার সরকার, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বিএফইউজের একাংশের মহাসচিব নুরুল আমিন রোকন, ডিইউজের (দুই অংশ) সাধারণ সম্পাদক আকতার হোসেন ও শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বিএফইউজের একাংশের সভাপতি এম আবদুল্লাহ, ডিআরইউ’র সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, ইলিয়াস হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গণি চৌধুরী প্রমুখ।
এর আগে সকালে ডিআরইউ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে ডিআরইউ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। সেটি রাজধানীর সেগুনবাগিচা এলাকা প্রদক্ষিণ করে। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিআরইউ সদস্য ও পরিবারের জন্য সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সহযোগিতায় দিনব্যাপী চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।