বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেছেন, আমেরিকা ভিসানীতির বিষয়টিকে বাংলাদেশের সুষ্ঠু, গণতান্ত্রিক ও ভালো নির্বাচনের সঙ্গে সংযুক্ত করেছে। একজন নাগরিক হিসেবে আমি মনে করি, এটি আমাদের জন্য খুবই অপমানজনক।
শনিবার (২৭ মে) রাজধানীর ধানমন্ডিতে সিপিডির নিজস্ব কার্যালয়ে ‘স্টেট অব দ্য বাংলাদেশ ইকোনমি’ শীর্ষক সভায় এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের নিজেদের জন্যই সুষ্ঠু নির্বাচন করা উচিত। শর্ত দিয়ে বাংলাদেশকে ভালো নির্বাচনের দিকে নিয়ে যাওয়া, জাতি ও নাগরিক হিসেবে আমাদের জন্য খুবই দুঃখজনক। এই অনুধাবন সবার ও সব রাজনৈতিক পক্ষেরই থাকবে বলে আশা করি। কারণ, রাজনীতিকরা গোষ্ঠীগতভাবে আমাদের জাতীয় আকাঙ্ক্ষাকে ধারণ করেন।’
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতির শর্ত আরোপ করে ভালো নির্বাচন চাওয়াকে দুঃখজনক বলেও মন্তব্য করেছেন তিনি।
তিনি যুক্তরাষ্ট্র বাংলাদেশের রফতানি পণ্যের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ বাজার হওয়ায় ভিসানীতির বিষয়ে সরকারকে সাবধানতা অবলম্বনের পরামর্শও দিয়েছেন।
সিপিডি ফেলো আরও বলেন, ‘আমেরিকাই একমাত্র বাজার, যেখানে শুল্ক দিয়েও প্রতিযোগিতায় সক্ষম বাংলাদেশ। ২০২৬ বা ২০২৯ সালের পর ইউরোপ, কানাডা বা ভারতের বাজারে শূন্য শুল্কের সুবিধা থাকছে না। কিন্তু মার্কিন বাজারে শুল্ক দিয়ে ঢুকেও প্রতিযোগিতায় টেকা যায়। এ বাজার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য ভিসানীতির বিষয়টি সাবধানতার সঙ্গে বিবেচনা করতে হবে।’