ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) নিরীক্ষা (অডিট) কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীসহ পাঁচ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক আইন, ২০০৪ এর ৩২ ধারা এবং দুদক বিধিমালা, ২০০৭-এর বিধি ১৫-এর উপ-বিধি ১ অনুযায়ী এই অনুমোদন দেওয়া হয়।
যাদের অভিযুক্ত করে চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে তারা হলেন- মেসার্স রিমি এন্টারপ্রাইজের মালিক মো. মোস্তফা কামাল, পদ্মা ব্যাংক লিমিটেডের (সাবেক দি ফারমার্স ব্যাংক লিমিটেড) পরিচালনা পর্ষদের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতী, দি ফারমার্স ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও চৌধুরী মোস্তাক আহমেদ, পদ্মা ব্যাংক লিমিটেডের হেড ব্যাংকিং অপারেশন ডিভিশন (অবসরপ্রাপ্ত) প্রকাশ চন্দ্র মোদক এবং পদ্মা ব্যাংক লিমিটেডের জেনারেল সার্ভিস ডিভিশনের এভিপি ও প্রধান মো. মনিরুল হক।
অভিযোগ রয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ও অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে নিজে লাভবান ও অপরকে লাভবান করার উদ্দেশ্যে ৭০ লাখ ৬১ হাজার ৮২৩ টাকা আত্মসাৎ করেছেন। এতে দণ্ডবিধির ৪০৯, ৪১৮, ১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করার দায়ে এই চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়। মামলাটি দায়ের করা হয়েছিল ২০২০ সালের ১১ মার্চ দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ।
এ মামলার তদন্ত কর্মকর্তা মুহাম্মদ জাফর সাদেক শিবলী বাংলা ট্রিবিউনকে জানান, দুদক অনুমোদন দিয়েছে। দু’একদিনের মধ্যেই আদালতে চার্জশিট দাখিল করা হবে।