হবিগঞ্জ জেলার মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নির্মলেন্দু চক্রবর্তীকে লঘুদণ্ড ‘তিরস্কার’ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (৩০ মে) মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ শাস্তির কথা বলা হয়।
সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমেদ নামে এক তরুণের মৃত্যুর ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তা আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেফতার আইনানুগ উদ্যোগ না নেওয়ায় সহকারী পুলিশ সুপার (এএসপি) নির্মলেন্দু চক্রবর্তীকে এ লঘুদণ্ড দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, হবিগঞ্জের মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নির্মলেন্দু চক্রবর্তী (বিপি-৬৬৯০১২২২৫৩) সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালনের সময় ২০২০ সালের ১১ অক্টোবর জনৈক রায়হান আহমেদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ অন্যান্য পুলিশ সদস্যরা শারীরিকভাবে নির্যাতন করলে তিনি মৃত্যুবরণ করেন। আপনার যথাযথ তদারকির অভাবে ভুল ধারায় এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে সিলেট কোতোয়ালী মডেল থানায় মামলা হয়।
‘আপনি অনুসন্ধান কমিটির সদস্য হিসেবে অনুসন্ধানকালে পুলিশ সদস্য দ্বারা শারীরিক নির্যাতনের কারণে রায়হান আহমেদের মৃত্যু ঘটে। যা ফৌজদারি অপরাধ হওয়া সত্ত্বেও এসআই (নিরস্ত্র) আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেফতারে আইনানুগ উদ্যোগ গ্রহণ না করে শুধু বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে প্রতিবেদন দাখিল করাসহ উপরোক্ত অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করে অভিযোগনামা ও অভিযোগ বিবরণী জারি করা হয়।’
‘এ ঘটনায় তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমানের তদন্ত প্রতিবেদন অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(ক) বিধি মোতাবেক ‘অদক্ষতা’র প্রমাণিত অভিযোগে একই বিধিমালার বিধি ৪ এর উপ-বিধি ২(ক) মোতাবেক ‘তিরস্কার’ লঘুদণ্ড প্রদান করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’