রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা পৃথক তিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১১ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (১ জুন) এ তিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন প্রতিবেদন দাখিলের জন্য নতুন এদিন ধার্য করেন।
মামলাগুলো হলো– কুরিয়ারকর্মী নাহিদ হত্যা মামলা, পুলিশের ওপর হামলা মামলা ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলা।
এর মধ্যে নিহত নাহিদের বাবা মো. নাদিম হোসেন বাদী হয়ে নিউ মার্কেট থানায় হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়। অন্যদিকে, পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে এবং পুলিশের ওপর হামলার অভিযোগে পৃথক দুটি মামলা করে। এ দুই মামলায় নিউমার্কেটের ব্যবসায়ী, কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীসহ মোট এক হাজার ২০০ জনকে আসামি করা হয়।
পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় ২৪ জন এজাহারনামীয়সহ ব্যবসায়ী-কর্মচারী মিলে অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়। এছাড়া একই মামলায় অজ্ঞাত হিসেবে ঢাকা কলেজের ৭০০ জনকে আসামি করা হয়েছে। আর বিস্ফোরকদ্রব্য আইনে করা মামলায় অজ্ঞাত দেড়শ থেকে ২০০ জনকে আসামি করা হয়।
এর আগে, ২০২২ সালের ১৭ এপ্রিল রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পরদিন সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় সংঘর্ষ হয়।