রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত

রাজধানীর সায়েদাবাদ এলাকার ‘জনপথ মোড়’ এলাকায় সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৪ জুন) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। 

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রবাড়ী থানাকে অভিহিত করা হয়েছে।’

হাসপাতালে নিয়ে যাওয়া সিএনজি চালক মো. সেলিম বলেন, ‘স্থানীয়রা তাকে উদ্ধার করে আমার সিএনজি অটোরিকশা তুলে দিয়ে ঢামেক হাসপাতালে নিয়ে যেতে বলেন। আমি তাকে জরুরি বিভাগে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর ভোর ৫টায় তাকে মৃত ঘোষণা করেন। তবে কী গাড়ির সঙ্গে বা কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে সে বিষয়ে আমি কিছুই জানতে পারিনি।’ 

দুর্ঘটনার সংবাদ শুনে হাসপাতালে ছুটে আসেন নিহতের বোন বেলী আক্তার। তিনি বলেন, ‘আমাকে এক ব্যক্তি ফোন করে জানান যে, আপনার ভাই এক্সিডেন্ট করেছে। পরে আমি হাসপাতালে এসে তার মরদেহ দেখতে পাই।’

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ উপজেলার দক্ষিণ কদমতলীর মৃত আব্দুল আজিজের ছেলে জাকির। এক ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়।