রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তেলাপোকা মারার স্প্রে’র বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভাটারা থানায় মামলা দায়ের করেছেন নিহত দুই শিশুর বাবা মোবারক হোসেন। পুলিশ জানিয়েছে, একটি পেস্ট কন্ট্রোল কোম্পানির বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে অভিযুক্তদের শনাক্ত করেছে পুলিশ, তাদের গ্রেফতারে অভিযান চলছে।
সোমবার (৫ জুন) রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম আসাদুজ্জামান। তিনি বলেন, দুই শিশুর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
পুলিশ ও দুই শিশুর স্বজনরা জানান, শুক্রবার (২ জুন) বসুন্ধরা আবাসিক এলাকার আই বক্লের নতুন বাসায় পেস্ট কন্ট্রোল সার্ভিসের কর্মীরা এসে স্প্রে করে দিয়ে যান। এর প্রায় ১৫ ঘণ্টা পর পরিবারের সদস্যরা বাসায় প্রবেশ করেন। কিছুক্ষণ পর তারা অসুস্থ হয়ে পড়েন। ছোট ভাই শাহিল মোবারত জায়ান (৯) বাসাতেই মারা যায়। হাসপাতালে নেওয়ার পর শাহিলের বড় ভাই শায়েন মোবারত জাহিনেরও (১৫) মৃত্যু হয়। তাদের মা-বাবা ও বোনও অসুস্থ হয়ে হাসপাতালে যান। তবে তারা বড় ধরনের বিষক্রিয়া না হওয়ায় ভর্তি না করে ছেড়ে দেওয়া হয়।
নিহতের খালা ডা. রওনক জাহান রোজি অভিযোগ করে বলেন, পেস্ট কন্ট্রোল সার্ভিসের অদক্ষ কর্মীদের কারণে এ ঘটনা ঘটেছে। আমরা পেস্ট কন্ট্রোল সার্ভিসের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনও সঠিক উত্তর পাইনি।
ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম আসাদুজ্জামান বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এই দুই শিশুর মৃত্যু হয়েছে বিষক্রিয়াজনিত কারণে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে এ বিষয়ে এভার কেয়ার হাসপাতালের জেনারেল ম্যানেজার আরিফ মাহমুদ বলেন, রবিবার ভোরে শাহিলকে মৃত অবস্থায় ও শায়েনকে গুরুতর অবস্থায় নিয়ে আসা হয় হাসপাতালে। পরে ওই দিন রাত ১০টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শায়েন। পরে পুলিশ এসে নিহত দুই জনের মরদেহ নিয়ে যায়।