ঈদের ছুটির আগেই শ্রমিকদের বোনাস আর অর্ধেক বেতন দিতে হবে: মন্ত্রী

পবিত্র ঈদুল আজহার ছুটির আগেই শ্রমিকদের ঈদ বোনাস এবং জুন মাসের ১৫ দিনের বেতন পরিশোধের জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। রাজধানীর বিজয়নগর শ্রম ভবনের সম্মেলন কক্ষে মঙ্গলবার বিকালে জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ- টিসিসি এর ৭৫তম এবং আরএমজি টিসিসির ১৫তম সভায় তিনি এ আহ্বান জানান। 

শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘ঈদ যেহেতু মাসের শেষ দিকে সে জন্য মালিকরা ঈদ বোনাসের সঙ্গে চলতি জুন মাসের ১৫ দিনের বেতনটাও পরিশোধ করবেন।’ 

শ্রমিক নেতাদের জুন মাসের পূর্ণ বেতন দাবির প্রেক্ষিতে তিনি বলেন, ‘১৫ দিনের বেতন বাধ্যতামূলক। তবে কোনও মালিকের সক্ষমতা থাকলে ইচ্ছে করলে পূর্ণ মাসের বেতন দিতে পারবেন। সেটা বাধ্যতামূলক নয়।’  

তিনি বলেন, ‘গার্মেন্টস যেহেতু রপ্তানিমূখি শিল্প এবং ঈদে ঘরমুখো মানুষের চলাচল নির্বিঘ্ন করতে মালিকরা উভয় দিক মাথায় রেখে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে ছুটির বিষয়টি নির্ধারণ করবেন।’ 

শ্রমিক নেতার রেশন ব্যবস্থার দাবী জানালে শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রী শ্রমিকদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। প্রধানমন্ত্রী শ্রমিকদের রেশনের দাবির বিষয়ে অবগত। বিষয়টি নিয়ে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো।’ 

এ সময় প্রতিমন্ত্রী সবাইকে পবিত্র ঈদুল আজহার অগ্রীম শুভেচ্ছা জানান।

সভায় মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, অতিরিক্ত সচিব মো. তৌফিকুল আরিফ, ফাহমিদা আখতার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর ভারপ্রাপ্ত মহাপরিদর্শক মিনা মাসুদ উজ্জামান, শিল্প পুলিশের ডিআইজি জিহাদুল কবির, বিজিএমইএ এর ভাইস প্রেসিডেন্ট মো. নাসির উদ্দীন, পরিচালক মো হারুন অর রশিদ, জাতীয় শ্রমিক লীগের কার্য নির্বাহী সদস্য আব্দুস সালাম খান, বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগ এর সভাপতি মো. সিরাজুল ইসলাম রনি, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নাঈমুল আহসান জুয়েল, জাতীয় শ্রমিক ফেডারেশন এর কার্যকরী সভাপতি কামরুল আহসান, ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিল এর সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আহমেদ এবং সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর সভাপতি শ্রমিক নেত্রী নাজমা খাতুনসহ বিভিন্ন মন্ত্রণালয়, আইএলও, দপ্তর-সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।